ঠাকুরগাঁও সদর উপজেলায় উপজেলার ভুল্লি বাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে রোববার বাসের সঙ্গে যাত্রীবাহী নছিমনের সংঘর্ষে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
নিহতরা হলেন: নছিমনের যাত্রী জুরান (৩০) ও হাবিব (২৬) এবং নছিমনচালক মন্টু (২২)।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, লাউথুতি গ্রামের কয়েকজন ব্যক্তি একটি নছিমন ভাড়া করে শনিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি মেলায় যান। পরে রোববার ভোরে তারা একই নছিমনে করে নিজেদের গ্রামে ফিরছিলেন। ভোর সাড়ে ৬টার দিকে ভুল্লি চৌরাস্তায় নছিমনটির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়।
এতে নছিমনটি দুমড়েমুচড়ে যায়। বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান জুরান।
আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান মন্টু ও হাবিব। হাসপাতালে চিকিৎসাধীন আছেন জিন্নাহ (৩০), মুরাদ (২৫) ও দুদু (২৪)।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, বাসটি আটক করা হয়েছে। বাসের চালক পালিয়েছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।