দিনাজপুরের ফুলবাড়ীতে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মারা যান। শুক্রবার দুপুরে উপজেলার রাজারামপুর এলাকায় শান্ত-কান্ত রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
বিজিবি সদস্যরা হলেন: আল আমিন ও রুবেল হোসেন। তারা বিজিবি-২৯ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পে কর্মরত ছিলেন।
বিজিবি সদস্যদের উদ্ধৃত করে ওসি বলেন, জেলার নবাবগঞ্জ উপজেলায় বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ কিছু ফেনসিডিল জব্দ করে। আমিন ও রুবেল জব্দ করা মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে শান্ত-কান্ত রাইস মিলের সামনের সড়কে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পিছনে বিজিবির পিকআপে থাকা সহকর্মীরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
তল্লাশি চালিয়ে ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন বলে জানান ওসি রেজাউল।