নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে রোববার একজন নিহত হয়েছেন।
আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ পাঁচরুখী এলাকার ইদ্রিস মোল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদের ব্যানার ফেস্টুন খুলে ফেলে এমপি নজরুল ইসলাম বাবুর লোকজন।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার পৌঁনে ১১টার দিকে নজরুল ইসলাম আজাদের সমর্থক সজিবের সঙ্গে এমপি নজরুল ইসলাম বাবুর সমর্থক আমজাদর হোসেনের বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ সময় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদের সমর্থকেরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন নামের একজন মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।