ইসলামের সেবা এবং বিভিন্ন ধর্মেও মানুষকে শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুক্ত মঞ্চ, মসজিদ, মন্দির গীর্জায় কর্মরত মুয়াজ্জিন ও পুরোহিতদের কম্বল, টিআরের চেক এবং স্কুল মাদ্রাসায় নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ টাকা বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু এ দেশে মদ. জুয়া বন্ধ করেছিলেন আর জিয়াউর রহমান সেগুলো চালু করেন।
আজ হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় আর কর্মসংস্থানের অভাব নেই এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন হাত বাড়ালেই খাদ্য, অসাধ্য সাধন হয়েছে দেশে, দেশের এই অব্যাহত উন্নয়ন ভুলতে চাইলেই ভুলা যায় না, মুছতে চাইলেই মুছা যায় না— যাবে না।
কৃষি মন্ত্রী বলেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগুবেই, কারণ শেখ হাসিনার দেশ প্রেম আছে। দেশ ও দেশের মানুষের প্রতি তার অগাধ ভালবাসা আছে।
মন্ত্রী এসময় উপজেলার ৪৭টি স্কুল-মাদ্রাসার ৪৭০ জন নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে ৫০০ করে নগদ টাকা, ৬০০ মসজিদ, মন্দিরও ও গীর্জায় কর্মরত মোয়জ্জিন ও পুরোহিতদের মাঝে একটি করে কম্বল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ২৯ লক্ষ টাকার টিআরের চেক বিতরণ করেন।
এসময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা সহ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা উপস্থিত ছিলেন।