নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের গণশৌচাগারে বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, প্রায় দুই মাস আগে দুই জন আইনজীবীকে এসএমএস করে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিলো। এর অংশ হিসেবেও এ বোমা বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা জানান, জেলা জজ আদালতের গণশৌচাগারে বিস্ফোরণের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এতে জঙ্গি নাশকতার অংশ কি না এমন প্রশ্নে জেলা প্রশাসক বলেন, জঙ্গি নাশকতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারি পুলিশ সুপার (সিআইডি) এহসান উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি বোমা বিস্ফোরণ না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
এটি বোমা বিস্ফোরণ কি না তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশ বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু ধাতব মুদ্রা (কয়েন) উদ্ধার করেছে। দুপুর সোয়া ১ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে জন্য বৃদ্ধা চম্পা বেগমকে (৬০) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে জেলা জজ আদালতের দক্ষিণ পাশে অবস্থিত গণশৌচাগারে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে টয়লেটের প্রায় ১৫ ফুট প্রশস্ত সব ভেন্টিলেটরের কাঁচ ভেঙে যায়। এ সময় টয়লেটটি ধোয়ার আচ্ছন্ন হয়ে পড়ে। টয়েলেটের ছাদের বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে ঘিরে রেখেছে।
সিআইডি পুলিশ বিস্ফোরণ স্থল থেকে ধাতব মুদ্রার কয়েন জব্দ করেছে। দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, গত ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের দুই আইনজীবী সাইদুল রহমান ও খালেদা বেগমের মুঠোফোনে এসএমএস দিয়ে আদালত ভবনে বোমা বিস্ফোরণের হুমকি দেয়া হয়েছিলো।