অব্যাহত সন্ত্রাস ও চাঁদাবাজি বৃদ্ধির প্রতিবাদ এবং শিক্ষক হত্যার বিচার দাবিতে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়েছে।
সোমবার বিকালে খাগড়াছড়িতে শাপলা চত্বরে আয়োজিত সমাবেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি আহবায়ক খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম হরতালের ঘোষণা দেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যায় জেলার মানিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় মানিকছড়ি কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক ও মানিকছড়ি আওয়ামী লীগের সহ-সভাপতি চিংসামং চৌধুরী নিহত ও জনসংহতি সমিতির মানিকছড়ি উপজেলা সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু গুলিবিদ্ধ হন।
একই রাতে দুর্বৃত্তদের গুলিতে পানছড়িতে স্বামী-স্ত্রী রমজান আলী (৫০) ও স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং গুইমারায় আশুতোষ ত্রিপুরা (৩০) নামের এক যুবক আহত হন বলেও জানান তিনি।