লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. রনি নামের জিসান বাহিনীর সদস্য মারা গেছেন।
সোমবার গভীর রাতে সদর উপজেলার লতিফপুর গ্রামে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সদর উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে জিসান বাহিনীর প্রধান জিসানকে ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জিসান বাহিনীর সন্ত্রাসিরা। ওইসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জিসান বাহিনীর সদস্য রনিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দেশ টিভিকে জানিয়েছেন, জিসান বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে ২১ রাউন্ড ও সন্ত্রাসিরা অসংখ্য গুলি ছোড়ে।
এসময় জিসান বাহিনীর ১ সদস্য নিহত হয় এবং ৩ পুলিশ সদস্য আহত হন বলে জানান তিনি।
আহত পুলিশ সদস্যরা হলেন: মোহাম্মদ আলী, প্রজেশ দেব, ইব্রাহীম শেখ।
ঘটনাস্থল থেকে ১টি রিভলবার ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।