ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে বোমা ও গুলি ছুঁড়ে পুলিশ হত্যা করে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় আটক ৫ জনকে বুধবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তারা হলেন: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনার প্রধান আসামি সাজিদের স্ত্রী ফাতেমা বেগম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের জাকারিয়া ওরফে হিমেলকে (২৯) এবং ঢাকা কাসিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শরীয়তপুরের নাড়িয়া থানার রাসেল (২৮), ময়মনসিংহের ভালুকার আলামিন (২৬) ও সৈয়দ জিয়াউল ইসলাম (২৪)।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ৪ নং আমলি আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আবারো কারাগারে প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা জানান, ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবির সাজাপ্রাপ্ত তিন আসামিই ছিনতাই ও বিস্ফোরক দ্রব্য আইনে ত্রিশাল মডেল থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জেএমবির ৫ সদস্যকে আদালতে হাজির করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি।