শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক পক্ষ ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্সটাউন ও অরনেট নিট গার্মেন্টস ইন্ড্রাট্রিজ লিমিটেডে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন।
শনিবার সকাল ৯টা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ৩টা পর্যন্ত।
গার্মেন্টস কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক রাখার লক্ষই এ ব্যতিকক্রমধর্মী নির্বাচন। এ নির্বাচনে শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত ৩ হাজার ১৯০০ জন শ্রমিক ভোট দিয়ে নির্বাচনে অংশ নেয়া ৩২ জন শ্রমিক থেকে ১২ শ্রমিক প্রতিনিধি নির্বাচিত করবেন।
নির্বাচিত ওই ১২ জন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোপ-আলোচনা করবেন বলে জানা গেছে।
এ নির্বাচনে মালিকপক্ষের পক্ষ থেকে বিনা ভোটে ১২ জন প্রতিনিধি নির্বাচন করছেন মালিকপক্ষ।
এদিকে, নির্বাচন উপলক্ষে শিল্পপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বায়রার প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।