সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকার ডুবির ৫ দিন পর নিখোঁজ মাস্টার মোকসেদ মাতব্বরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শ্যালা নদীর মৃগমারীর দুর্ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদাতা জানিয়েছেন, গত মঙ্গলবার ডুবে যাওয়া ট্যাঙ্কারের মাস্টার মোকসেদ মাতব্বরের নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার ৫ দিন পর মোকসেদের একটি পা ভাঙা ও মুখে আঘাতের চিহ্নসহ তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় পুরো শরীরে তেল মাখানো।
ধারনা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বড় ধরনের আঘাতে তার মৃত্যু হয়। পরে মৃতদেহটি জয়মনি এলাকার চাঁদপাই রেঞ্জে নেয়া হয়।
এদিকে, দৈনিক মজুরির ভিত্তিতে সকাল থেকে ১০০টি নৌকা নিয়ে ২০০ জন শ্রমিক তেল সংগ্রহ করছে। গাছের পাতা, কচুরি পানা এবং নদীতে ভাসমান বর্জে লেগে থাকা তেল সংগ্রহ করছে তারা। এ পর্যন্ত প্রায় ৯ হাজার লিটার তেল সংগ্রহ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতে আজ (রোববার) রাসায়নিক দ্রব্য প্রয়োগ করার বিষয়ে মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েলবাহী সাউদার্ন স্টার-৭ নামে একটি ট্যাঙ্কার একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়। এতে জাহাজের অপর ৬ কর্মচারি সাঁতরে তীরে উঠলেও চালক মোকলেস নিখোঁজ ছিলেন।
এ ফার্নেস অয়েল নিঃসরিত হয়ে ১০ হাজার বর্গকিলোমিটারের (বাংলাদেশ অংশে ৬ হাজার) সুন্দরবনের প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে পরিবেশবিদদের ধারনা।
নদীতে ডুবে যাওয়া ট্যাঙ্কারটি বৃহস্পতিবার সকালে উদ্ধার করে এক কিলোমিটার দূরে একটি চরে নিয়ে রাখা হয়েছে।