ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া স্থলবন্দরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থলবন্দর দিয়ে ১০ চাকার ট্রাকে করে রপ্তানির জন্য আনা দুটি পাথরবাহী ট্রাক জেলা ট্রাক মালিক সমিতি ফিরিয়ে দিলে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্থলবন্দরের রপ্তানিকৃত পণ্যের অধিকাংশ পাথর আসে সিলেট থেকে। তবে ঢাকা-সিলেট মহাসড়কে ১০ চাকার পাথর বোঝাই ট্রাক চলাচলের ওপর সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে।
এছাড়া, ১০ চাকার ট্রাকে পণ্য পরিবহণ হলে ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হয়। তবে বাংলাদেশ বিরাট অঙ্কের পরিবহণ আয় থেকে বঞ্চিত হয়। ফলে ২০১২ সাল থেকে এ রুটে ৬ চাকার ট্রাকে করে পণ্য পরিবহণ করা হচ্ছে।
রোববার তা অমান্য করে বন্দরের ব্যবসায়ী খোকন খান ১০ চাকার ট্রাকে করে দুই ট্রাক পাথর রপ্তানি করার উদ্দ্যেশে আনলে তা ফিরিয়ে দেয় মালিক সমিতি। সকালে ভারতীয় ব্যাবসায়ীদের কাছে এ খবর পৌঁছালে তারা পণ্য নেয়া বন্ধ করে দেয়।