সুন্দরবনে শ্যালা নদীতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারের ফার্নেস তেল অপসারণ অব্যাহত রয়েছে। নদী ও খালের পানি অনেকটা স্বাভাবিক হওয়ায় এখন তীরের গাছ ও শ্বাসমূলে লেগে থাকা তেল সংগ্রহ করা হচ্ছে। এদিকে, সুন্দরবনের জলজ প্রাণী অনেকটা আশঙ্কামুক্ত হলেও নদী ও খালের তীরের স্থলজ প্রাণীবৈচিত্র ক্ষতিগ্রস্ত হবে কি না তা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ করে বলা যাবে বলে জানালেন বন বিভাগের কর্মকর্তারা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত ৯ ডিসেম্বর শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবে যাওয়ায় সুন্দরবনে ছড়িয়ে পড়েছিল সাড়ে ৩ লাখ লিটার ফার্নেস অয়েল। বন এলাকা থেকে ফার্নেস অয়েল অপসারনে সনাতন পদ্ধতিতে বন বিভাগের সহায়তায় কাজ শুরু করে স্থানীয় বনজীবী এলাকাবাসি। সোমবার পর্যন্ত এ উপায়ে প্রায় ৫০ হাজার লিটার তেল সংগ্রহ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য মতে, জোয়ার এবং নদী থেকে তেল সংগ্রহের কারণে পানি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তবে এখনো নদী ও খালের তীরে ম্যানগ্রোভ গাছ ও শ্বাসমূলে লেগে আছে তেল। এসব গাছ এবং পাতায় লেগে থাকা তেল সংগ্রহ করা হচ্ছে।
বন বিভাগের কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, পানি কিছুটা স্বচ্ছ হওয়ায় জলজ প্রাণী অনেকটা শঙ্কামুক্ত হলেও নদী ও খালের তীরের জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, ফার্নেস অয়েল বনের গভীরে প্রবেশ না করায় তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে সুন্দরবন।