সুন্দরবনে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারের ফার্নেস তেল সংগ্রহ অভিযান বুধবারও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত প্রায় ৫৮ হাজার লিটার তেল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
জোয়ার এবং নদী থেকে তেল সংগ্রহের কারণে পানি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। নদী ও খালের তীরে ম্যানগ্রোভ গাছ ও শ্বাসমূলে লেগে আছে তেল। এসব গাছ ও পাতা সংগ্রহ করে পুড়িয়ে তেল সংগ্রহ করা হচ্ছে।
সুন্দরবনের জলজ প্রাণী অনেকটা আশঙ্কামুক্ত হলেও নদী ও খালের তীরের স্থলজ প্রাণীবৈচিত্র ক্ষতিগ্রস্ত হবে কি না তা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ করে জানা যাবে।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েলবাহী সাউদার্ন স্টার-৭ নামে একটি ট্যাংবার একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়। এতে জাহাজের অপর ৬ কর্মচারি সাঁতরে তীরে উঠলেও চালক মোকলেস নিখোঁজ ছিলেন , ৫ দিন পর তার মৃকদেহ ভেসে উঠে নদীতে।
এ ফার্নেস অয়েল নিঃসরিত হয়ে ১০ হাজার বর্গকিলোমিটারের (বাংলাদেশ অংশে ৬ হাজার) সুন্দরবনের প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে পরিবেশবিদদের ধারনা।
নদীতে ডুবে যাওয়া ট্যাংকারটি বৃহস্পতিবার সকালে উদ্ধার করে এক কিলোমিটার দূরে একটি চরে নিয়ে রাখা হয়েছে।