ময়মনসিংহের ভালুকায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলার পর এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতের কোনো এক সময় শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে সপরিবারে হত্যা করে দুর্বৃত্তরা । তবে কি কারণে খুন করা হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা ওয়ারেস আলী মঙ্গলবার রাতে ভালুকা মডেল থানায় অজ্ঞাত ৪জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি লবনকোঠা এলাকায় শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম বাচ্চুর রক্তাক্ত মৃতদেহটি বাড়ির সামনে রাখা একটি বাসে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
সকাল ৯টার দিকে পুলিশ মৃত বাচ্চুর বাড়ির থেকে তার স্ত্রী ও দুই শিশু কন্যারও মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহগুলো থানায় নিয়ে যাওয়ার হয়।
বাচ্চু হবিরবাড়ী ইউনিয়ন জাতীয়তবাদী শ্রমিকদলের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় সকাল থেকেই শতশত লোক বাচ্চুর বাড়ির সামনে গিয়ে ভিড় করেন।
এলাকাবাসী রফিকুল ইসলাম বাচ্চুর হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করেছেন।
এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ভালুকা উপজেলা বিএনপি সভাপতি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু।
ভালুকা মডেল থানার তদন্ত ইন্সপেক্টর আব্দুল কাদের বলেন, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
মৃতদেহগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।