সড়কের বেহাল দশার কারণে চালু করা যাচ্ছে না যশোর মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম। কাঁচা রাস্তার কারণে ৩৫ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হলেও তা প্রশাসনিক কোনো কাজে আসছে না। এর ফলে ক্যাম্পাসেও যেতে পারছেন না শিক্ষার্থীরা আর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় কবে নাগাদ রাস্তা নির্মাণ করা হবে তা নিয়ে সংশয়ে রয়েছে কলেজ কর্তৃপক্ষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ২০১০ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। কলেজের কাজ চালানোর জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের পাশে ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়। মেডিকেল কলেজ নির্মাণের জন্য খরচ ধরা হয় ৫৪৭ কোটি টাকা।
২০২০ সালের মধ্যে কলেজের যাবতীয় কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০১৪ সালের মধ্যে একাডেমিক ও প্রশাসিনক ভবন নির্মাণ করে তা হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, ভবন নির্মাণ শেষ হলেও প্রধান সড়ক থেকে কলেজ পর্যন্ত যাওয়ার ২২০০ ফুট কাঁচা রাস্তার কারণে প্রশাসনিক কাজ শুরু করা যাচ্ছে না।
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহবুব উল মওলা চৌধুরী বলেন, রাস্তার খারাপ অবস্থার কারণে নিজস্ব ক্যাম্পাসে যেতে পারছেন না শিক্ষার্থীরা। এ অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালেই ক্লাস করছেন তারা।