গত কয়েক বছরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ-উৎকন্ঠায় দিন পার করছেন যশোরের অভয়নগরের মানুষ। সন্ত্রাসীবাহিনীর হাতে নিহত হচ্ছেন বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। নিজেদের জান-মালের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি অভয়নগরবাসীর।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ২৩ নভেম্বর সকালে হাঁটতে বের হয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন যশোরের অভয়নগরের উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ওলিয়ার রহমান। তবে শুধু ওলিয়ার রহমানই নন, গত ছয় বছরের ব্যবধানে এভাবে খুন হয়েছেন আওয়ামী লীগেরই নয় নেতাকর্মী।
এ তালিকায় আরো রয়েছেন, বিএনপির চার প্রভাবশালী নেতা, একজন চিকিৎসক। গত বছর পিটিয়ে হত্যার চেষ্টা করা হয় এক সাংবাদিককে। খুনের পাশাপাশি গুম হয়েছেন আরো কয়েকজন। যাদের কোন হদিস এখনো মেলেনি।
প্রশাসনের ব্যার্থতা আর প্রভাবশালীদের প্রশ্রয়ে সন্ত্রাসীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। সন্ত্রাসীদের বিচারের দাবিতে এক হয়ে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় একটি মাত্র মামলা করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।
যশোর পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।