দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের পরিদর্শকসহ ১৭ জন নিহত হয়েছেন। বুধবার এসব এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের চাপায় আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের রক্তিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, মহাসড়কের রক্তিপাড়ায় জামালপুরগামী একটি টেম্পুকে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ৮ জন। নিহতরা সবাই টেম্পুর যাত্রী বলে জানা গেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের মধুপুর সদর হাসপাতালে আনা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানান তিনি।
মুজিবুর রহমান জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
এদিকে, সকাল ১০টার দিকে ফরিদপুরের পিয়ারপুর এলাকায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের পরিদর্শক সরোজ কুমার রায় নিহত হন।
এছাড়া নওগাঁর হাপানিয়া এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন। মানিকগঞ্জের সিঙ্গাইরে কিকিংচর এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেল্পার নিহত হয়েছেন। রংপুরের নব্দিগঞ্জ ও ময়মনসিংহের গৌরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ২ জন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।