পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জাহাঙ্গীর হোসেন নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ বলেন, রাতে ঈশ্বরদী রাজশাহী মহাসড়কের গোকুল নগর এলাকায় কয়েকজন ছিনতাইকারী বিভিন্ন যানবাহন ঠেকিয়ে ছিনতাই করছিল। খবর পেয়ে ঈশ্বরদী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যায়।
সাঁড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুল আলম সরদার জানান, কয়েকদিন আগে এই ছিনতাইকারী দলের সদস্যরা আরামবাড়িয়া বাজারে বিভিন্ন দোকানে এবং ওই মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে গণডাকাতি করে। ওইসময় এলাকাবাসী ও পুলিশ এগিয়ে এলে তারা কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।