একই সময়ে ২০ দলীয় জোটের জনসভা ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশকে ঘিরে গাজীপুরে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার দুই পক্ষই মিছিল বের করলে জলকামান নিয়ে কলেজে অবস্থান নেয় পুলিশ। এদিকে, দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আগামী ২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভা ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে দুই দলই।
বৃহস্পতিবারও পাল্টাপাল্টি মিছিল করেছে দু'দলের নেতাকর্মীরা। সকালে কলেজ ক্যাম্পাসে দু'পক্ষ মিছিল বের করলে উত্তেজনা দেখা দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে কলেজের সামনে জলকামান নিয়ে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। দুই পক্ষ সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করতে না পারলে সাধারন মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় যেকোন মূল্যে গাজীপুরে জনসভা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ছাত্রলীগের পাল্টা কর্মসূচিতে ক্ষুব্ধ গাজীপুরের বিএনপি নেতারাও। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনে ২৭ ডিসেম্বর গাজীপুরের জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তারা।
এদিকে, বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটুক্তি প্রত্যাহার না করলে জনসভা করতে দেয়া হবে না বলে জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।