ফরিদপুরে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মো. কামরুজ্জামান সিদ্দিকীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ফরিদপুরের সকল রুটে বাস ধর্মঘট চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে পুলিশ কামরুজ্জামান সিদ্দিকীকে ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় কামরুজ্জামান জেলার ১০৫৫ মটর ওয়ার্কাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন।
এ ঘটনার পর জেলা বাস মালিক গ্রুপ ধর্মঘটের ডাক দেয়। এর ফলে ফরিদপুরের সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ রয়েছে।
ফরিদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে য্ওায়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জরুরী প্রযোজনে এসকল যাত্রীরা ঝঁকি নিয়ে মাহেন্দ্র বা বিকল্প পথে চলাচল করছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে।