দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলবার ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি একেএম শওকত আলী জানিয়েছেন, সকাল ৯টার দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাস পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে আসছিল। পথিমধ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আহতদেরকে তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়াও আহতদের মধ্যে১০ জন গুরুত্বর হওয়ায় তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: লায়লা (১৮), শামীমা (৩০) ও কুরবান আলী (৪০)। বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।