সাতক্ষীরা জেলা শহরে পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ডাকাত আহত হয়েছে।সাতক্ষীরায় পুলিশের গুলিতে 'ডাকাত' আহত
শনিবার ভোররাতে শহরের পলাশপোল এলাকার কপোতাক্ষ ক্লিনিকের পেছনের এ ঘটনায় আহত মিন্টু সরদার (৩০) পলাশপোল এলাকার প্রয়াত আব্দুল গফফারের ছেলে ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, রাতে ডাকাতির সংবাদ পেয়ে কপোতাক্ষ ক্লিনিকের পেছনে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক দল ডাকাত।
তিনি বলেন, পুলিশ এ সময় গুলি করলে মিন্টু মিস্ত্রী ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে গুলিবিদ্ধ মিন্টু সরদারের দাবি, রাতে বাড়ি থেকে ধরে এনে ভোর রাতে তার পায়ে গুলি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বর মাসসহ নতুন বছরের ১ ও ২ জানুয়ারি সাতক্ষীরা শহরে ব্যাংকার, জনপ্রতিনিধি, ডাক্তার, ব্যবসায়ীসহ কমপক্ষে ১৫ জনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।