রাজশাহী, পটুয়াখালী, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকাল থেকেই বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
এছাড়া কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই নাটোর থেকে বন্ধ করে দেয়া হয়েছে ঢাকাগামী সকল যাত্রীবাহী বাস। সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নাটোরে বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান এহিয়া বলেন, পূর্বে জামাত শিবিরের কর্মসূচিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অনেক বাস ভাঙচুর করা হয়েছে। পরিবহন খাতের ক্ষতির কথা চিন্তা করে নাটোর বাস মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী নাটোর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশেই বাস মালিক সমিতিকে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার কোনো বাস আসতে দেখা যায়নি।