সিলেট নগরীর জিন্দাবাজারে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে। রোববার বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিকেল ৪টার দিকে জেলা ছাত্রদলর সভাপতি সাঈদ আহমদের নেতৃত্বে একটি মিছিল চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে কোট পয়েন্ট অভিমুখে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে মিছিলকারীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।
পুলিশকে উদ্দেশ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রদল নেতাকর্মীরা।
মিছিলকারীদের রুখতে পুলিশ পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের ধাওয়ায় ছাত্রদল নেতাকর্মীরা হা্ওয়াপাড়া গলির ভিতর দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ।
১১ জনকে আটকের কথা স্বীকার করলেও আটককৃতদের নাম জানাতে পারেননি কতোয়ালী থানার উপরিদর্শক সাজ্জাদ হোসেন।