বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার ভান করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া যদি সত্যি অসুস্থ থাকেন তবে যত ডাক্তার লাগে পাঠিয়ে তাকে সুস্থ করার ব্যবস্থা করা হবে—এ কথা উল্লেখ করে অসুস্থতার নামে ভান না করার কথা বলেন তিনি।
মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে যখন সেনাবাহিনী প্রধান মাঠে নামে তখন ভাবেন ওই বাহিনীর পতন অনিবার্য— মন্তব্য করে নাসিম বলেন, খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে।
খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন— অথচ তার নেতাকর্মীরা তার ডাকে সারা না দেয়ায় তিনি নিজেই এখন মাঠে নেমে আবোল-তাবোল কথাবার্তা বলছেন, জনগণ আর তার কথায় বিভ্রান্ত হবে না বলে মন্তব্য করেন নাসিম।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল ফারুক খান এমপি, সদস্য এস,এম কামাল হোসেন এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ওয়ার্কাস পাটির ফজলে হোসেন বাদশা এমপি, জাফর সাজ্জাদ, জাসদের নাজমুল হক প্রধান, সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্নাসহ সিরাজগঞ্জ জেলা, উপজেলা ও পাশের জেলাসমূহের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত আছেন।