টানা অবরোধের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চাল পাঠাতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন দিনাজপুরের ব্যবসায়ীরা। ব্যাংক থেকে ঋণ নেয়ায় টানা অবরোধে ব্যাপক লোকসানের আশঙ্কায় রয়েছেন চাল ব্যবসায়ীসহ আড়ৎদাররা।
এদিকে, অবরোধে শীতকালীন সবজি বাজারজাত করতে না পারায় বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। এছাড়া অবরোধে যান চলাচল বন্ধ থাকায় চরম কষ্টে আছেন দিনাজপুরের পরিবহণ শ্রমিকরা। কাজ না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। টানা অবরোধের কারণে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেল না থাকায় জ্বালানি সঙ্কটে পড়েছেন কুড়িগ্রামের পরিবহন মালিকরা।
দিনাজপুর থেকে প্রতিদিন গড়ে এক থেকে দেড়শ ট্রাক পাঠানো হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। কিন্তু হঠাৎ করে অবরোধের ফলে গত মঙ্গলবার থেকে চাল পাঠাতে না পারায় বিপাকে পড়েছেন চাল আড়ৎদারসহ সংশ্লিষ্টরা। ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করায় লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে মিলের মালিক ও ব্যবসায়িদের।
এদিকে, টানা অবরোধে দেশের বিভিন্ন জায়গায় শীতকালীন সবজি পাঠাতে না পারায় বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। আড়ৎদারা সবজি না কেনায় বাজারে সবজির দাম অর্ধেক নেমে এসেছে। এতে জমিতে পঁচে সবজি নষ্ট হওয়ায় লোকসানে আশঙ্কায় রয়েছেন কৃষক ও আড়ৎদাররা।
গত কয়েকদিন ধরে অবরোধের কারণে গাড়ি চালাতে না পারায় চরম বিপাকে পড়েছেন দিনাজপুরের পরিবহন শ্রমিকরা। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের।
এদিকে, তেলের পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেল না থাকায় জ্বালানি সঙ্কটে পড়েছেন কুড়িগ্রামের যানবাহণ মালিকরা। অবরোধের কারণে বাঘাবাড়ী ও পার্বতীপুর ডিপো থেকে ট্যাংক লরিগুলোতে পেট্রোল ও ডিজেল আনতে না পারায় এ সঙ্কট দেখা দিয়েছে।
দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলো হরতাল ও অবরোধের মতো কর্মসূচি থেকে বিরত থাকবে- এমটাই প্রত্যাশা ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবি মানুষের।