নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সিলেট ও নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে ছাত্রদল।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ডাকা হরতালে সকালে শহরের চৌকিদেখিতে একটি সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দেয় হরতাল সমর্থকরা।
এ সময় অটোরিক্সার চালক আহত হয়। এ সময় রাস্তায় আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে হরতাল সমর্থকরা।
এর আগে হরতালের সমর্থনে ছাত্রদল মিছিল বের করলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
এছাড়া নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের ডাকা হরতালে জেলা জজ আদালত সড়কে ৬-৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে ২০ দল।