গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আবরার হাসান মাহিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৬ জন আহত হয়েছেন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে একটি ট্রাক রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় স্পিড ব্রেকার পাড় হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা শিশু মাহিন নিহত ও এম্বুলেন্সের ড্রাইভারসহ ৬ জন আহত হন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহতদের মধ্যে ড্রাইভার আউয়াল (৪০), মাছুমা বেগম (৩৫), তুহিন মিয়া (২৫), শাহাদৎ (২৫) ও মাহামুদকে (৩৫) উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, তাৎক্ষণিকভাবে আহত এক জনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।