অবরোধকারিরা যতোই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক না কেন, এবার আর রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম সহিদুল ইসলাম। শুক্রবার রংপুরের মিঠাপুকুরে পেট্রোল বোমায় হতাহতের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সন্ত্রাস ও নাশকতা রোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে পুলিশের মহাপরিদর্শক সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিটি এলাকার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, পুলিশের পক্ষ কথা বললেই বলে তারা রাজনীতির কথা বলে। এদেশের ভালোমন্দে একটা তো মতামত থাকবে। আমার প্রশ্ন যে, যারা হরতাল করছেন অবরোধ করছেন, মানুষ মারছেন, কী কারণে? গণতান্ত্রিক দেশ জনগণের।
এ সময় মিঠাপুকুরে বাসে আগুন দেয়ার ঘটনায় ৭ জামাত-কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলেও জানান তিনি।
এ সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ২০১৩ সালের মতো একটি গোষ্ঠী আবারো দেশে অন্যায় যুদ্ধ শুরু করেছে। দেশের আইনি কাঠামোর মধ্যেই তাদের দমন করা হবে।
তিনি বলেন, যারা শিশু ও সাধারণ মানুষকে হত্যা করে এদেশে তাদের কোনো প্রয়োজন নেই।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মিঠাপুকুরে বাসে আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা আসার পথে রংপুরের মিঠাপুকুরে একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে অবরোধকারিরা পেট্রোল বোমা ছোড়লে অগ্নিদদ্ধ হয়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন আরো ১১ জন।