ময়মনসিংহের সবজি চাষীরা টানা অবরোধের আর হরতালের কারণে উৎপাদিত সবজি নিয়ে বিপাকে পড়েছেন। যানবাহন না চলায় সবজি বাজারজাত করতে পারছেন না তারা। জমিতেই পঁচে নষ্ট হচ্ছে সবজি ফলে কৃষক ও পাইকারি ব্যসায়ীদের লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ময়মনসিংহের সদর উপজেলার চরঈশ্বরদিয়া, চর সিরতা, বোররচর, কুষ্টিয়া ইউনিয়নসহ এর আশেপাশের বির্স্তীর্ন চরাঞ্চলে ব্যপকভাবে আগাম জাতের শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষকরা। এ বছর জেলার ১৫ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। বেগুন, শিম, ফুলকপি, বাধাকপি, টমোটোসহ নানা জাতের সবজির সমাহার জমিতে।
বাজারে আগাম জাতের এসব সবজির ব্যাপক চাহিদা থাকায় বেশ লাভবান হন চাষীরা। তবে টানা অবরোধের কারণে পাইকারি ব্যবসায়ীরা সময়মতো সবজি বাজারজাত করতে পারছেন না। ফলে কৃষকের সবজি জমিতেই নষ্ট হচ্ছে।
এদিকে, ধার দেনা করে এবং ব্যাংক লোন নিয়ে সবজির আবাদ করায় লোন শোধ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। অগ্রিম টাকা দিয়ে চাষীদের কাছ থেকে সবজি কিনে বাজারজাত করতে না পারায় মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে পাইকারী ব্যবসায়ীদের।
লোকসান কমাতে প্রশাসনিক নিরাপত্তা দিয়ে কৃষকের সবজি ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবুল হোসেন
তিনি বলেন, প্রশাসনিক নিরাপত্তা দিয়ে বাজারে পণ্য সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে।