বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে খালেদা জিয়া কিছুই অর্জন করতে পারবেন না— উল্লেখ করে দেশের জনগণ তাদের ঘৃনা প্রকাশ করছেন বলে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের।
এভাবেই তার রাজনীতি শেষ হয়ে যাবে বলে জানান মন্ত্রী।
রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মিঠাপুকুর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবরোধকারীদের হামলায় দগ্ধ ৩ জনকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদের সকলের মুখসহ শরীর ঝলসে গেছে এটা তো কোনো রাজনীতি হতে পারে না। খালেদা জিয়ার নির্দেশে একের পর এক মানুষ অগ্নিদগ্ধ হচ্ছেন-- গরীব মানুষ কাজের সন্ধানে বাসে যাচ্ছিলো তাদের পেট্রোলবোমা মেরে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তারা মানুষ পুড়িয়ে মারছে, হত্যা করছে এটাই এখন বিএনপির রাজনীতি— উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের কর্মকাণ্ড কাপুরুষের মতো।
তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেই তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে বের হতে পারছে না। ইতামধ্যে গ্রেপ্তার করা হয়েছে অনেককেই। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এরআগে বেলা ১১টার দিকে মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা, জাকির হোসেনসহ চিকিৎসকরা তাকে স্বাগত জানান। মন্ত্রী বার্ন ইউনিট ও সিসিইউ ওয়ার্ড পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা রংপুর সিটি করপোরেশনের মেয়র শরিফ উদ্দিন আহম্মেদ ঝন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।