দেশের অন্যতম বৃহৎ কাপড়ের পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট টানা অবরোধে ক্রেতাশূন্য হয়ে পড়েছে। অবরোধকারীদের হামলার আশঙ্কায় লেনদেন কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে কমে গেছে বাজারের বেচাকেনাও।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্বাভাবিক সময় সপ্তাহে কমপক্ষে ৭০০ কোটি টাকার লেনদেন হলেও এখন তা নেমে এসেছে মাত্র ৫০ কোটি টাকায়। এর বিরূপ প্রভাব পড়ছে দেশের পুরো বস্ত্রশিল্পে। এ অবস্থা চলতে থাকলে দেশের বস্ত্রখাত অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত বাংলাদেশের অন্যতম কাপড়ের পাইকারি বাজার নরসিংদী সদর উপজেলার বাবুরহাট। বাজারের প্রায় ৫ হাজার দোকানে টুপি থেকে শুরু করে প্রায় সব ধরনের পোশাক ও কাপড় পাওয়া যায়। তবে স্বাভাবিক সময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকলেও চলমান অবরোধের কারণে বাজার এখন ক্রেতাশূণ্য হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বাভাবিকভাবে সপ্তাহে কমপক্ষে ৭০০ কোটি টাকার লেনেদেন হলেও অবরোধকারীদের হামলার আশঙ্কায় এখন মাত্র ৫০ কোটি টাকার লেনদেন হচ্ছে।
কাপড়ের বেচাকেনা কমে যাওয়ায় দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
হরতাল-অবরোধের মত কর্মসূচি এবং পেট্রোল বোমা হামলার মত তৎপড়তা চলতে থাকলে পুরো বস্ত্রখাতই ধ্বংসের মুখে পড়তে পারে বলেও শঙ্কা তাদের।