অবরোধের পাশাপাশি ঢাকাসহ ৩ বিভাগেবু ধবার হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। এদিকে, বরিশালে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমার আগুনে পুড়ে গেছে বাসের ৬ যাত্রী।
অবরোধের পাশাপাশি রাজশাহী ও খুলনা বিভাগে হরতাল চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়াস্থ খয়রাবাদ সেতুর ঢালে আব্দুল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পেট্রোলবোমার আগুনে ৬ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, খুলনায় হরতাল চলাকালে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
হরতালের সমর্থনে সকাল পৌনে ১০টার দিকে নগরীর মৌলভীপাড়া মোড়ে ঝটিকা মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। এ সময় তারা ২/৩টি ইজিবাইক ভাঙচুর ও ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।
পুলিশ দুটি টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া, ভৈরবে অবরোধকারীরা আগুন দিয়েছে একটি বাসে।
গাজীপুরে আগুন দেয়া হয়েছে পিকআপে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
সিলেটে ছাত্রদলের মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। চট্টগ্রাম ও রাজশাহীতে হরতালে অনেক দোকান-পাট বন্ধ থাকলেও নগরীতে হালকা যানবাহন চলাচল করছে।
খুলনায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় হরতাল সমর্থনকারীরা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এছাড়া নাশকতার আশঙ্কায় খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, মেহেরপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযানে আটক করা হয়েছে প্রায় ২ শতাধিক বিএনপি- জামাতের নেতাকর্মীদের।