কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসানের মৃত্যু হয়েছে।
দাউদকান্দি মডেল থানার এসআই এনামুল হকের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল করে ঢাকা থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন জিসান। এ সময় র্যাব-১১ এর সদস্যরা তাকে থামার জন্যে সংকেত দিলে জিসান সে সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় র্যাবকে লক্ষ্য করে ২ রাউণ্ড গুলি ছুড়লে র্যাবও তাদের ওপর পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জিসান। জিসানের কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব।
জিসানের বিরুদ্ধে উপজেলো স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহসিন হত্যা, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ ও ৪টি খুনসহ লক্ষ্মীপুরে ২৯টিরও বেশি মামলা রয়েছে বলেও জানান এসআই।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল এবং নোয়াখালীর পশ্চিমাঞ্চলের ত্রাস বাহিনীর প্রধান সোলায়মান উদ্দিন জিসান দীর্ঘদিন ধরে দুই জেলার সীমান্তবর্তী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।