টানা অবরোধে ধস নেমেছে ভোলার মৎস ব্যবসায়। যান চলাচল কম থাকায় জেলার বাইরে মাছের বিক্রি কমে গেছে। এছাড়া, অবরোধের কারণে কমে গেছে মাছের দামও।
নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির পর্যাপ্ত মাছ পাওয়া সত্ত্বেও লোকসানের মধ্যেই রয়েছেন আড়তদার ও পাইকাররা। নানা ঝুঁকির মধ্যে জেলার বাইরে মাছ বিক্রি করেও ক্ষতি পুষিয়ে উঠতে পারছেন না ব্যবসায়ীরা।
দ্বীপজেলা ভোলার নদী সংলগ্ন অধিকাংশ মানুষই মৎসজীবি। মেঘনা থেকে পাওয়া ইলিশসহ বিপুল পরিমান মাছ বিভিন্ন মৎস ঘাট ঘুরে রাজধানীর বড় বড় পাইকারি বাজারে বিক্রি হয়। ৬ জানুয়ারি থেকে টানা অবরোধের কারণে রমরমা এ মৎস্য ব্যবসায় এখন নেমেছে ধস।
জেলেরা জানান, নদী থেকে বিপুল পরিমান মাছ পাওয়া গেলেও অবরোধে মাছের দাম কমে গেছে। এতে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন পার করছেন তারা।
অবরোধে যানবাহন কম চলাচল করায় মাছের বিক্রিও গত মাসের চেয়ে অর্ধেক কমে গেছে বলে জানালেন ব্যবসায়িরা। এবার প্রায় ৫ কোটি ২৫ হাজার মেট্রিক টন ইলিশ পাওয়া গেলেও লোকসানের আশঙ্কা তাদের।
আর এই ক্ষতি থেকে মুক্তি পেতে অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি ভোলার মৎস ব্যবসায়িদের।