নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া ও টাকশাল গ্রামে সোমবার গণপিটুনিতে ৭ ডাকাতের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক ডাকাত।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৪টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত ভাটপাড়া গ্রামের ব্যবসায়ী লাল মিয়ার বাড়িতে হামলা করে। বাড়ির দরজা ভাঙ্গার সময় পাহারাদাররা ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
অবস্থার বেগতিক দেখে ডাকাতরা পালিয়ে পাশের টাকশাল গ্রামের এরশাদ মিয়ার বাড়িতে হামলা করে। ওই বাড়ির লোকজনকে তারা জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে।
ওই সময় আশপাশের লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে স্থানীয় মসজিদ থেকে ডাকাত রুখতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এতে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে ডাকাতদের ওপর হামলা চালায়। ডাকাতরা দৌঁড়ে পালানোর সময় তাদেরকে ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ৭ ডাকাতের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় রহিম নামে এক ডাকাতকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ৭ ডাকাত নিহত ও এক ডাকাত আহত হয়েছেন। আহত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।