গাজীপুরের বাঘেরবাজার এলাকায় ফার্মোসা পলি কটন কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর ১টার দিকে বাঘেরবাজার এলাকায় ওই কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এরইমধ্যে পুড়ে গেছে ওই কারখানার কাপড়, সূতো। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, সোমবার দুপুর ১টার দিকে ওই কারখানার দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ শুরু করে।
আশেপাশের ফায়ার স্টেশনগুলো থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রওনা হয়েছে বলে আক্তারুজ্জামান জানান।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতেরও কোনো তথ্য জানাতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।
কারখানার তত্ত্বাবধায়ক মো. খোরশেদ আলম জানান, মাসখানেক আগে ফার্মোসা পলি কটন বিডি লিমিটেডের এই কারখানার উদ্বোধন হয়।
কারখানার গুদামে সুতা ও ফেব্রিক্স ছিল জানিয়ে তিনি বলেন, সেখানেই আগুনের সূত্রপাত হয়।