সবজির বাম্পার ফলন হলেও হরতাল আর টানা অবরোধে দেশের বিভিন্ন জেলার কৃষকদের মুখে নেই হাসি।
দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৯ লাখ মেট্রিক টন।
কিন্তু মৌসুমের শুরুতেই টানা অবরোধের কারণে পরিবহন সঙ্কটে অন্যান্য সবজির মতো কমে গেছে আলুর দাম। এ জেলায় প্রতি মণ আলু বিক্রি হচ্ছে মাত্র ১৪০ থেকে ১৬০ টাকায়।
অবরোধে পরিবহন খরচ ২ থেকে ৪ গুণ বেড়ে যাওয়ায় শীতকালিন সবজির পাশাপাশি আলু ব্যবসায়ও ধস নেমেছে।
এদিকে, পঞ্চগড়ের বিস্তৃত ক্ষেত জুড়ে এখন আলু, কপি, লাউ, বেগুনসহ বিভিন্ন শাক-সবজি শোভা পেলেও দাম না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। অবরোধে পরিবহন সঙ্কট দেখা দেয়ায় সবজি বিক্রি করতে না পারছেন না তারা। সবজি না তোলায় অনেক জায়গায় তা ক্ষেতেই নষ্ট হচ্ছে।
কমে গেছে সবজির দাম। সস্তায় বিক্রি করতে গিয়েও ক্রেতা পাচ্ছেন না কৃষকেরা। আর এ সব জেলার অনেক জায়গায় ক্ষেতেই নষ্ট হচ্ছে সবজি। আর বাজারে যাও বা বিক্রি হচ্ছে, তা বিকোচ্ছে একেবারে জলের দরে।
এই হরতাল-অবরোধের কবল থেকে রেহাই চান কৃষকেরা। আর তা না হলে কষ্টে দিন কাটাতে হবে এসব কৃষকদের।