চাঁদপুর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে বুধবার রাতে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমা থেকে বাঁচতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন মো. মোতালেব হোসেন নামের এক হেলপার।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে টাইলস নিয়ে ট্রাকটি চাঁদপুরের মতলব দক্ষিণে যাওয়ার পথিমধ্যে অবরোধকারীরা ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারলে হেলপারের গায়ে আগুন ধরে যায়। এ সময় জীবন বাঁচাতে ট্রাকের বাম দিকে লাফ দিলে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে মোতালেবের মাথা থেতলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ সময় ট্রাক চালক ও টাইলস এর মালিক লাফিয়ে ট্রাকের ডান দিকে পড়ে জীবন রক্ষা করতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর।