বিএনপির সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেমল হক বলেন, কিসের সংলাপ, কী ব্যাপারে সংলাপ মানুষ হত্যা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়।
বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুরে হাতিমারা ঊচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সহিংতার দায় তারা স্বীকার করছে না। যখন আমরা বললাম, দেখা মাত্র গুলি করা হবে, তখন কিন্তু বলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আবার একদিকে বলছে আওয়ামী লীগ এসব ধ্বংসাত্মক কাজ করছে, অপরদিকে দায়ীদের শাস্তি দিতে গেলে বলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দেশবাসী জানে কারা এসব সন্ত্রাস করছে অচিরেই তাদের শক্ত হাতে তাদের দমন করা হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, যারা অবরোধ ডেকেছেন, তাদের প্রতি অনুরোধ এসএসসি পরীক্ষার সময় আপনারা হরতাল অবরোধ প্রত্যাহার করুন। যদি করা না হয়, যথা সময়ে পরীক্ষা হবে এবং ছেলে মেয়েদের, শিক্ষকদের নিরাপত্তা দেয়ার জন্য যা যা করণীয় সরকার তা করবে।
পরীক্ষা কোনো মতেই পেছানো হবে না। যথা সময়ে তা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি এ বিষয়ে ছাত্র ছাত্রীদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেন।