পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে ডাম্পিং করার জায়গা না পাওয়ায় নারায়ণগঞ্জে ৩ দিন ধরে ময়লা অপসারণ বন্ধ রেখেছে সিটি করপোরেশন। এতে ময়লা জমে, দুর্গন্ধে দূষিত হয়ে পড়েছে নগরীর পরিবেশ, দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক, দিঘুবাবুর বাজার, দুই নং রেলগেটসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রায় সর্বত্রই এখন ময়লার স্তুপ।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় নগরীর আবর্জনা ডাম্পিং করা হলেও সোমবার পরিবেশ অধিদপ্তর এর উপর নিষেধাজ্ঞা জারি করে। সেইসঙ্গে সিটি করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়।
ডাম্পিং করার বিকল্প জায়গা না থাকায় ময়লা অপসারণ বন্ধ করে দেয় সিটি করপোরেশন। এরপর থেকেই নগরীতে তৈরি হচ্ছে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে নাকাল হয়ে পড়ছেন নগরবাসী।
বিকল্প জায়গা না পাওয়া পর্যন্ত ময়লা অপসারণ কাজ শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ।
সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী দেশের বাইরে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মেয়রের অনুপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের এমন কার্যক্রম দুরূভিসন্ধিমূলক।
তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি পরিবেশ অধিদপ্তর পরিচালক একেএম মিজানুর রহমান।
এদিকে, নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে লিংক রোডেই সাময়িকভাবে ময়লা ফেলার সিদ্ধান্ত হলেও বৃহস্পতিবার সেখানে ময়লা ফেলতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ১০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
প্রতিবাদে আবারো ময়লা অপসারণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।