বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধের মধ্যে লক্ষ্মীপুরে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের পর খাদে পড়ে আঘাতে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের দুই যাত্রী।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাশেম বলেন, সদর উপজেলার যাদৈয়ার কাছিদবাড়ি সেতু এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে শুক্রবার রাতে ‘আশিক পরিবহনের’ যাত্রীবাহী বাসটিতে হামলা চালায় অবরোধকারীরা।
তিনি বলেন, পেট্রোল বোমা থেকে বাসে আগুন না ধরায় যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।
নিহত চালক মো. সুমন (৩০) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা।
আশিক পরিবহনের লক্ষ্মীপুরের ঝুমুর এলাকার কাউন্টার ম্যানেজার মো. মাসুদ ও চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, মজু চৌধুরীরহাট লঞ্চঘাট থেকে ২৮ থেকে ৩০ জন যাত্রী নিয়ে রাত ৯টার দিকে বাসটি চট্টগ্রামের দিকে যাত্রা করেন।
ওসি হুমায়ুন বলেন, রাত সাড়ে ৯টার দিকে যাদৈয়ার কাছিদবাড়ি সেতু এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি আরো বলেন, এতে চালক সুমন মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
আমির হোসেন নামে বাসের এক যাত্রী জানান, তাদের বাস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। প্রথমটি রাস্তায় পড়ে আগুন ধরে যায়। দ্বিতীয়টি বাসের সামনের গ্লাসে লাগে এবং শেষেরটি চালকের পাশে পড়ে গাড়িতে ধোঁয়ায় ভরে যায়। এরপর বাসটি রাস্তার খাদে পড়ে চালক ও দুই যাত্রী আহত হন।