দেশ ও জনগণের কল্যাণ নয়, ক্ষমতায় যাওয়া ও নিজের ছেলেদের বাঁচানোই বিএনপি নেত্রীর মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। শনিবার কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, খালেদা জিয়ার সহিংস কর্মকাণ্ডই প্রমাণ করে তার আন্দোলন দেশ ও জনগণের কল্যাণে নয়।
এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের স্বার্থে ও জনগণকে নৈরাজ্য থেকে মুক্তি দিতে অবরোধ-হরতাল প্রত্যাহারের জন্য বিএনপি'র প্রতি আহবান জানান তিনি।
এদিকে, চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালু শাহ মাজার এলাকায় চার লেন রাস্তার নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার স্বার্থে হলেও বিএনপির অবরোধ হরতাল প্রত্যাহার করা উচিত।