বায়না ধরে বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে গেলেও জীবিত ফেরা হলো না মেধাবী ছাত্রী মাইশা ও তার বাবা নুরুজ্জামান পপলুর।
কুমিল্লার চৌদ্রগ্রামে হরতাল-অবরোধ সমর্থকদের পেট্রোল বোমা হামলায় নিহতদের মিছিলে তারাও রয়েছেন।
আহত হয়েছেন পপলুর স্ত্রী মাহফুজা বেগম মিতা। মঙ্গলবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পপলুর স্বজনরা জানান, যশোরের ঠিকাদার নূরুজ্জামান পপলু (৪৯) কক্সবাজারে বন বিভাগের একটি ঠিকাদারি কাজের জন্য ২৯ জানুয়ারি রাতে কক্সবাজার রওনা হন।
এ সময় মেয়ে কক্সবাজার বেড়াতে যাবার বায়না ধরে। মেয়ের বায়নায় স্ত্রী মিতা ও মেয়েকে কক্সবাজারে নিয়ে যান তিনি।
মঙ্গলবার ভোরে কক্সবাজার থেকে ফেরার পথে পেট্রোল বোমায় নিভে গেল বাবা ও মেয়ের জীবন প্রদীপ। তবে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছেন স্ত্রী মিতা।
মঙ্গলবার সকালে পপলু ও তার মেয়ের মৃত্যুর খবর ঘোপ সেন্ট্রাল রোডের বাসায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে গোটা এলাকা ভারি হয়ে উঠেছে।
নিহতের স্বজনেরা পরস্পরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। স্বজনরা এ পুড়িয়ে মারার ঘৃণ্য রাজনীতির অবসান দাবি করেছেন।