নওগাঁর সাপাহার সীমান্তে ৪৮ ঘণ্টার ব্যবধানে আবারো মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার পাতাড়ী সীমান্তের ২৪২ মেইন পিলার এর ১০ আর এলাকায় এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক ব্যাক্তি হলেন: দক্ষিণপাতাড়ী গ্রামের মো. ইউসুফ আলী (৩৫)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে একদল গরু ব্যবসায়ী ওই এলাকা দিয়ে ভারত ভূখণ্ডে চোরাই পথে গরু আনতে যায়। এসময় ভারতের রাঙ্গামাটি ৮২-বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা গরু ব্যাবসায়ীদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ইউসুফ তাদের হাতে ধরা পড়ে।
আদাতলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার জানিয়েছেন, এ বিষয়ে আদাতলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের পক্ষ থেকে আটক ওই গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠানের জন্য রাঙ্গামাটি বিএসএফ ক্যাম্পে পত্র পাঠায়। জবাবে বিএসএফ আজকে পতাকা বৈঠকে উপস্থিত হতে অসম্মতি জানান।
উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই সীমান্ত এলাকার ভারতীয় নাইওর কুড়ী বিএসএফর হাতে উত্তর পাতাড়ী গ্রামের আবুবক্করের পুত্র মোবারক হোসেন আটক হন।