বিএনপি জোটের হরতাল-অবরোধে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে তুরাগ কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দিয়ে পালানোর সময় এক শিবিরকর্মীকে আটক করেছে রেল স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-গাজীপুর রুটে চলাচলকারী জয়দেবপুর জংশনে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এসআই দাদন মিয়া বলেন, ঢাকা থেকে তুরাগ কমিউটার ট্রেনটি স্টেশেন প্রবেশের সময় দুই যাত্রী ট্রেনের একটি বগির দুইটি সিটে আগুন ধরিয়ে দেয়। দ্রুত পালানোর সময় মমিন নামে এক যুবককে আটক করা হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, গাজীপুররে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় বুধবার যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় ৫ জন দগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে জয়দবেপুরগামী বলাকা পরিবহন একটি বাসে দুর্বত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। দগ্ধ হন বাসযাত্রী নূর নবী, কিশোর রাকিব, সবুজ ও অজ্ঞাত পরিচয়ে একজন।
পরে স্থানীয় লোকজন তাদরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে নূর নবীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।