রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির নেতা নিহতের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার সকালে মহানগর ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল আহ্বানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি আশরাফুল আলম ইমন, রাজশাহী মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেলসহ ৮ জেলার শিবিরনেতাদের সিদ্ধান্তে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে শমসাদিপুর এলাকায় পুলিশের টহল গাড়ীতে ককটেল নিক্ষেপ করে ১০-১২ জন শিবিরকর্মী। এসময় পুলিশের উপর এলোপাথারি হামলায় মাহবুব নামে এক কন্সটেবলের ডান হাত ভেঙ্গে যায়। পরে তারা বাধ্য হয়ে হামলাকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। পরে আহতবস্থায় ঘটনাস্থল থেকে মো. সাহাবুদ্দিন, হাবিবুর ও রিয়াজুলকে গ্রেফতার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহাবুদ্দিন মারা যান।
পুলিশ জানায়, সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবিবুর রহমান হল শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব ও শেরেবাংলা হল শাখার নেতা রিয়াজুল ইসলাম আহত হয়েছেন।
প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন নামে ওই শিবির নেতা বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তথ্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব ছিলেন। পড়তেন ক্রপ সায়েন্স টেকনোলজি বিভাগে, মাস্টার্সে।