রাজধানীর আগারগাঁওয়ের ষাটফুট রাস্তায় রোববার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জসিম নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত জসিমউদ্দিন মুন্সী (২৫) মিরপুরের কাজীপাড়া ফাজিল মাদ্রাসার ছাত্র ছিলেন।হরতাল-অবরোধে বাসে পেট্রোল বোমা নিক্ষেপে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আগারগাঁওয়ের ষাটফুট রাস্তা এলাকায় রোববার ভোর ৪টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির সময় জসিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তিনি বলেন, জসিমকে আগারগাঁও থেকে আটক করা হয়েছিল। ভোরে তাকে নিয়ে তার অন্য সহযোগীদের ধরতে ষাটফুট রাস্তা এলাকায় গেলে তারা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন জসিম।
পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, স্থানীয় একটি ক্লিনিকে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জসিমের লাশ সনাক্ত করেন তার ছোট ভাই আনিসুর রহমান মুন্সী। বরিশাল সদর উপজেলার আব্দুর রাজ্জাকের তিন ছেলে ও চার মেয়ের মধ্যে জসিম ছিলেন ষষ্ঠ। মাদ্রাসায় পড়লেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না তা জানাতে পারেননি তার ছোট ভাই।
আনিসুর জানান, মিরপুরের মণিপুরের একটি মেসে থাকতেন জসিম। গত পরশু গাবতলীতে বোন হাফিজা বেগমের বাসায় গিয়েছিলেন উনি। গতকাল সেখান থেকে আসার পর আগারগাঁওয়ে পুলিশের হাতে আটক হন বলে আমরা জানতে পেরে।
এদিকে, কুমিল্লা ও যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল দেশটিভিকে জানিয়েছেন, রোববার ভোররাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়লে ৩ জন গুলিবিদ্ধ হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে স্বপন নামে এক সন্ত্রাসীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, স্বপন হত্যাসহ ২৮টি মামলার আসামি।
এদিকে, যশোরে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজু নামে চিহ্নিত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ভোররাতে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি রেলক্রসিং এলাকার ইশমাম পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।
রাজুর নামে হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে বলে জানায় র্যা ব।