পাবনার ঈশ্বরদীতে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে ২টি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি হুমায়ুন কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর ২টা ৫০ মিনিটে কোলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ষ্টেশন থেকে লোকোসেড ইয়ার্ডের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেনটি লক্ষ্য করে পরপর ২টি পেট্রোলবোমা নিক্ষেপ করে। বোমাগুলো ইঞ্জিনের চাকায় পড়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ট্রেনটির সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঈশ্বরদী দমকল বাহিনীর সহকারি পরিচালক ইউনুস আলী জানিয়েছেন, পেট্রোলবোমাটি ইঞ্জিনের উপর পড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
তবে, ক্ষয়ক্ষতির বিষয় খতিয়ে দেখার জন্য ট্রেনটি লোকোশেড থেকে স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে।