পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর মোড় এলাকায় বুধবার সকালে রসুন বোঝাই ট্রাকের চাপায়এক শিশু নিহত হওয়ার পর নছিমনকে ধাক্কা দেয়।এতে নছিমনের ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
নিহত নসিমন আরোহীরা হলেন- আহসান মহুরি (৬০), রানা (১২) ও তার মা সুফিয়া খাতুন (২৭), রুনা (২৭) ও মতিন মীর (৫০)।
আমিনপুর থানার ওসি জসিমউদ্দিন জানান, সকালে বিরাইমপুরে মহাসড়ক দিয়ে স্থানীয় একটি কেজি স্কুলের ছাত্রী বন্যা হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া করে।
ধরা পড়ার ভয়ে ট্রাকচালক দ্রুত পালানোর চেষ্টা করলে কাশীনাথপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে ধাক্কা দেয় ট্রাকটি।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে রসুন বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে কাশিনাথপুর মোড় ঘোরার সময় পাশে দাঁড়িয়ে থাকা একটি নছিমনের উপর উঠে যায়। এতে নছিমনে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে আরো ২ জন মারা যান।
আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।